চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্ত থেকে উদ্ধার করা ৩ বছরের শিশু মিসবাহ মারা গেছে। উদ্ধারের পর চিকিৎসার জন্য শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ফায়ার সার্ভিসের উপপরিচালক আনোয়ার হোসেন এসব তথ্য জানান।
পুলিশ জানায়, বিকেলে উপজেলার জয়নগর এলাকায় বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশু মিসবাহ। শুরুতে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। রাত ৮টার পর শিশুটি উদ্ধার হয়। পরে নেওয়া হয় হাসপাতালে।
স্থানীয়রা জানায়, ৪ বছর আগে শিশুটির ঘরের ৩০ থেকে ৪০ ফুট দূরে সরকারিভাবে গভীর নলকূপের জন্য গর্ত খোঁড়া হয়। তবে নলকূপ বসানো হয়নি। ওই গর্তের ১২ ফুট নিচে পড়ে যায় শিশুটি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম জানান, শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়।
এর আগে গত বছরের ডিসেম্বরে রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে মারা যায় শিশু সাজিদ।