গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে সামরিক শক্তি প্রয়োগ করবে না বলার পর এবার ইউরোপীয় দেশগুলোর ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স জানিয়েছে এ খবর।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর গ্রিনল্যান্ড ও পুরো আর্কটিক অঞ্চল নিয়ে একটি ভবিষ্যৎ চুক্তির কাঠামোতে বোঝাপড়া হয়েছে। প্রস্তাবিত এই চুক্তিটি বাস্তবায়িত হলে তা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সব দেশের জন্যই লাভজনক হবে।
তবে কোন বিষয়গুলোতে সমঝোতা হয়েছে, সে সম্পর্কে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।
এর আগে গ্রিনল্যান্ড দখলের হুমকি ও অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণার জেরে ইউরোপীয় পার্লামেন্ট যুক্তরাষ্ট্র–ইউরোপ বাণিজ্য চুক্তির ভোট আটকে দেয়। এর কয়েক ঘণ্টা পরই ট্রাম্প তাঁর শুল্ক হুমকি প্রত্যাহার করেন।