ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং স্বতন্ত্রপ্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
নিহত নজরুল ইসলাম ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্বতন্ত্রপ্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন।
শুক্রবার সন্ধ্যার পর ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে স্বতন্ত্রপ্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর স্বতন্ত্রপ্রার্থী সালমান ওমর রুবেল এরশাদ বাজারে তার নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে ফিরে যাওয়ার সময় বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থক ফরহাদ, আজহারুল, শাহজাহান মেম্বার, আদম আলীসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়। এ সময় নজরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্বতন্ত্রপ্রার্থী সালমান ওমর রুবেল বলেন, ‘আমাদের অফিস উদ্বোধন শেষে বের হওয়ার সময় পেছন থেকে প্রিন্স ভাইয়ের লোকজন অতর্কিত হামলা চালায়। ফরহাদ, আজহারুল, শাহজাহান মেম্বার ও আদম আলী নজরুল ইসলামকে ছুরিকাঘাত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার কর্মী নজরুল ইসলাম হত্যার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আমি বর্তমানে হালুয়াঘাটে আছি। ঘটনাটি সম্পর্কে এখনো পুরোপুরি অবগত নই। প্রাথমিকভাবে যতটুকু শুনেছি, এটি তাদের পারিবারিক কোনো সমস্যা থেকে সৃষ্টি হয়েছে। বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুলাভাই ও বোনজামাই—তাদের পাশাপাশি বাড়ি এবং আগে থেকেই তাদের মধ্যে বিরোধ ছিল। যে হামলা করেছে, সে আমাদের দলের সমর্থক হতে পারে। যদি এ বিষয়ে আমাদের কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।’
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সন্ধ্যার পর বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও স্বতন্ত্রপ্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। এতে একজন নিহত হয়েছেন। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।’