বিএনপির আরও দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে এ সিদ্ধান্ত জানানো হয়।
বাতিল হওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বৈত নাগরিকত্ব থাকায় কুমিল্লা–১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া এবং হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় চট্টগ্রাম–২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এর আগে শনিবার ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করেছিল ইসি।
তবে স্বস্তির খবর এসেছে চট্টগ্রাম–৪ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর জন্য। তাঁর মনোনয়নপত্রের বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করে ইসি তাঁর প্রার্থিতা বহাল রেখেছে। এ ছাড়া টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর মনোনয়নের বিরুদ্ধে করা আপিলও খারিজ করে দিয়েছে কমিশন। ফলে নির্বাচনে অংশগ্রহণ করতে তাঁর আর কোনো আইনি বাধা থাকছে না।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন রোববার সকাল ১০টা থেকে কার্যক্রম শুরু হয়। এদিন মোট ৬৫টি আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে কমিশনের।
উল্লেখ্য, এবারের সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া ৭২৩টি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছিল। শনিবার পর্যন্ত আট দিনে ৪১০ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে ২০০টি আবেদন বাতিল হয়েছে এবং ৩০টি আবেদন স্থগিত রাখা হয়েছে।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।